আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের র্যাপিড এ্যাকশন ফোর্সের কমান্ডার ‘সামুর মুহাম্মাদ ইসমাঈল’ জানিয়েছেন, মসুলের পূর্বাঞ্চলে অবস্থানরত দায়েশ সন্ত্রাসীদের উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। এ অভিযানে মসুলের পূর্বাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা মুক্ত হয়েছে।
সামুর মুহাম্মাদ ইসমাঈল বলেন: ইরাকি বাহিনীর উপর হামলায় নিয়োজিত দায়েশ সন্ত্রাসীদের ৩টি ড্রোন (পাইলট বিহীন বিমান) ধ্বংস করেছে ইরাকি সেনারা।
তিনি বলেন: সৈন্যরা এ অভিযানে, ‘ইন্তিসার’ অঞ্চলে ঢুকে সন্ত্রাসীদের কবল থেকে ঐ এলাকা মুক্ত করে।
এর আগে ইরাকের বিভিন্ন সূত্র মসুলের পূর্বাঞ্চলে অবস্থিত এলাকা ‘আল-ওয়াহদা’ মুক্ত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। এছাড়া মসুল-কারকুক রুটটি দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার তথ্য প্রকাশিত হয়েছিল।
ইরাকের আস-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, সন্ত্রাসী এ গোষ্ঠির অন্যতম নেতা আবু ইসহাক আল-ইরাকি ওরফে যারকাভি গতকাল (৪ জানুয়ারি) মসুলের পূর্বাঞ্চলীয় আল-ওয়াহদা এলাকায় নিহত হয়েছে।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ‘পিটার কুক’ জানিয়েছিলেন, এ নাগাদ ইরাকের উত্তরাঞ্চলীয় কৌশলগত মসুল শহরের পূর্ব অঞ্চলের দুই তৃতীয়াংশ এলাকা সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে ইরাকি সৈন্যরা। এ সকল এলাকা বর্তমানে ইরাক সরকারের নিয়ন্ত্রণাধীন।
১৭ অক্টোবর থেকে শুরু হওয়া মসুল মুক্তকরণ অভিযানের শুরু থেকে এ নাগাদ শহরের এক চতুর্থাংশ সন্ত্রাসীদের কবল থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ইরাকি সৈন্যরা।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন: আগামী এপ্রিল (২০১৭) নাগাদ সন্ত্রাসীদেরকে ইরাক থেকে তাড়িয়ে দেয়া হবে।# ইরনা